পাম অয়েল বাণিজ্যে  ওরাংওটাং কূটনীতি

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:১৩ এএম

পাম অয়েল উৎপাদন ও রপ্তানিতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ মালয়েশিয়া এই খাতে তার বৃহৎ ব্যবসায়িক অংশীদারদের ওরাংওটাং উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী জোহারি আবদুল গনি গত বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তবে প্রাণী অধিকার সংস্থাগুলো সরকারের এ পরিকল্পনায় আপত্তি জানিয়ে বলেছে, এটি বাস্তবায়ন করা হলে পৃথিবী থেকে ওরাংওটাং বিলুপ্তির প্রক্রিয়া আরও এক ধাপ অগ্রসর হবে।

চীন গত কয়েক বছর ধরে তার মিত্র ও অংশীদারদের পা-া উপহার দিচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিম-লে চীনের এই সংস্কৃতি পরিচিতি পেয়েছে পা-া কূটনীতি নামে। বুধবারের সংবাদ সম্মেলনে জোহরি আবদুল গনি জানান, চীনকে অনুসরণ করে ওরাংওটাং কূটনীতিতে প্রবেশ করতে চায় তার দেশ। তিনি বলেন, আমরা এই উপহার প্রদানের মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই যে পাম তেল উৎপাদনের পাশাপাশি জীববৈচিত্র্যকে রক্ষা এবং বিশ্ব জুড়ে তাকে ছড়িয়ে দিতে মালয়েশিয়া উদার।

ভোজ্য তেল হিসেবে ব্যবহারের পাশাপাশি ওষুধ ও প্রসাধন সামগ্রীর কাঁচামাল হওয়ায় বিশ্ব জুড়ে বেশ ভালো চাহিদা রয়েছে পাম তেলের। বর্তমানে পাম তেল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া, তারপর দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়া। চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মালয়েশীয় পাম তেলের সবচেয়ে বড় ক্রেতা।

অন্যদিকে, ওরাংওটাং একটি বৃহৎ আকারের এপ (লেজবিহীন বানর) জাতীয় প্রাণী, যা বর্তমানে অতি বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত। কেবল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রেইন ফরেস্টে বন্য অবস্থায় এই প্রাণীটির দেখা মেলে। দুই দেশ মিলিয়ে এখন বিশ্বে অবশিষ্ট ওরাংওটাংয়ের সংখ্যা এক লাখের কিছু বেশি। অনেকের কাছেই বনমানুষ বা ম্যান অব দ্য ফরেস্ট নামে পরিচিতি পাওয়া এই প্রাণীটির অতি বিপন্ন অবস্থায় পৌঁছানোর মূল কারণ দিনের পর দিন ধরে জঙ্গল উজাড় হয়ে যাওয়া।

আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এবং মালয়েশীয় প্রাণী সংরক্ষণবাদী সংস্থা জাস্টিস ফর মালয়েশিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ওরাংওটাং যেহেতু নাতিশীতোষ্ণ জলবায়ুতে বসবাসে অভ্যস্ত, তাই বাইরের দেশে পাঠানোর আগে ওই দেশের আবহাওয়ায় প্রাণীটি টিকে থাকতে পারবে কি না আগে সেটি যাচাই করা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত