ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত তারা অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজয়নগর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ আল মামুনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদে ছয় প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, মো. আল জাবের, প্রকৌশল কাজী রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, মুজিবুর রহমান ও মোসাহেদ হোসেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মৃণাল কান্তি চৌধুরী (লিটন), উপজেলা যুবদলের সদস্য সচিব মোখলেছুর রহমান (লিটন), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মুফতি রেদোয়ানুল বারী সিরাজী, মো. নজরুল ইসলাম, রাজ্জাক মিয়া, রফিকুল ইসলাম, মো. কবীর আহমদ।
নারী ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ফয়জুন্নাহার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী ও সুহেদা আক্তার।
বিজয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর আবেদন ড্রাফটে রয়েছে।’
