কোন কোন শর্তে কেজরিওয়ালের জামিন?

আপডেট : ১০ মে ২০২৪, ১১:৫২ পিএম

আবগারি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১০ মে) তাকে আগামী ১ জুন ভোট শেষ হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় দেশটির সুপ্রিমকোর্ট। তবে জেল থেকে মুক্তি পেলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেজরিওয়াল তিহাড় জেল থেকে মুক্তি পেলেও মুখ্যমন্ত্রীর দপ্তর ও দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না। এমনকি প্রয়োজন না পড়লে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলেও সই করতে পারবেন না। একান্তই তা করতে হলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন প্রয়োজন পড়বে।

৫০ হাজার রুপির বন্ডে অন্তর্বর্তী জামিন মিলেছে কেজরিওয়ালের। আগামী ২ জুন আত্মসমর্পণ করতে হবে তাকে। এছাড়াও আবগারি দুর্নীতি মামলা সম্পর্কিত কোনো মন্তব্যও করতে পারবেন না কেজরিওয়াল। শুধু তা-ই নয়, মামলা সংক্রান্ত কোনো ফাইল ব্যবহার কিংবা মামলার কোনো সাক্ষীর সঙ্গেও যোগাযোগ রাখতে পারবেন না তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, আগামী ১ জুন লোকসভা ভোটপর্ব মেটার পরদিনই আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

তার পক্ষে আইনজীবী শাহদান ফারাসত বলেন, লোকসভা ভোটের প্রচারে অনুমতি দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। তিনি প্রচারে কী বলতে পারবেন আর কী পারবেন না, তা নিয়ে কোনো বাধা নেই।

অরবিন্দ কেজরিওয়ালের হয়ে সুপ্রিম কোর্টে শুনানি করেছিলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি লোকসভা ভোটের ফলপ্রকাশ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন চেয়ে জোরালো আবেদন জানিয়েছিলেন। কিন্তু তার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত