ছাত্রলীগ নৌকার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : গণপূর্তমন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৪, ০১:২৯ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, গত নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে শক্ত অবস্থান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির পতাকাতলে পথচলা শুরু করেছিলাম। এখনো এই পতাকাতলে আছি। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মিসভার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। কিন্তু দুটি সংগঠন ওতোপ্রতভাবে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ পথচলা শুরু করে এখনো এই আদর্শে অটল আছে।’ তিনি আরও বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায় না। প্রিয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক, উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকতে হবে।

গণপূর্তমন্ত্রী বলেন, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সব মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এ সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত