বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১১ মে ২০২৪, ১২:৪৩ পিএম

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জ জেলার নান্দাইল এলাকার বাসিন্দা আবদুস সালাম (৪৩) ও চট্টগ্রাম জেলার বাসিন্দা  যাত্রী পিয়াল (২৬)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রী নিহত হন। এতে মাইক্রোবাসে থাকা শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭) নামের তিন যাত্রী আহত হয়েছেন।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশেপাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হেসেন বলেন, যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি ও লেন পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি নারায়ণগঞ্জ জেলার ভূলতা এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। পরে আমরা বাসটি আটক করি। এ ঘটনায় স্বজনদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত