ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের বয়স ৪১। তবে অ্যান্ডারসনের ফিটনেস ও পারফরম্যান্সে বয়সের ছাপ ফুটে ওঠেনি। ইংল্যান্ডের প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়া অ্যান্ডারসন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।
আগামী ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্টই হবে অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ইন্সটাগ্রাম পোস্টে অ্যান্ডারসন নিজেই জানিয়েছেন তার অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা।
ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে অ্যান্ডারসন লেখেন, 'সবাইকে শুভেচ্ছা, সবাই বলতে চাই লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হতে যাচ্ছে আমার শেষ টেস্ট। আমার দেশের প্রতিনিধিত্ব করার, ছোটবেলা থেকেই যে খেলা পছন্দ করতাম সেটার সঙ্গে অবিশ্বাস্য ২০ বছর পার করে ফেলেছি। আমি ইংল্যান্ডের জার্সিতে হেঁটে যাওয়া খুব মিস করবো। কিন্তু আমি জানি, এখনই নিজের সরে যাওয়ার এবং আমার মতো যারা একই স্বপ্ন দেখেছে তাদের সুযোগ করে দেয়ার সেরা সময়।'
পোস্টে অ্যান্ডারসন তার পরিবার, সতীর্থ, কোচ ধন্যবাদ জানান অ্যান্ডারসন। ভক্তা সমর্থকদেরও ধন্যবাদ দেন ৪১ বছর বয়সী এই পেসার।
অ্যান্ডারসনের অভিষেক হয় ২০০৩ সালে। ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে তৃতীয় সেরা উইকেট শিকারি অ্যান্ডারসন। তার উপরে আছেন শুধু শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০)।
অ্যান্ডারসন ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। টেস্টে সেরা বোলিং ৪২ রানে ৭ উইকেট। ব্যাট হাতে টেস্টে ১৩৫৩ রান করেছেন অ্যান্ডারসন।
মূলত টেস্টই ছিল তার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে থাকার প্রধান কারণ। অ্যান্ডারসন সবশেষ ওয়ানডে খেলেন ২০১৫ সালে, টি-টোয়েন্টি ২০০৯ সালে। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন।
