ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের জন্য লক্ষ্যটা হয়ে গিয়েছিল সহজ। আর তাই ৮ উইকেটের পরাজয় দিয়ে সিরিজ শেষ করলেন নাজমুল হোসেন শান্তরা।
ধবলধোলাই করতে এসে উল্টো ব্যাটিংয়ে বাংলাদেশের প্রশ্নগুলো আরও বড় হয়েছে শেষ ম্যাচে এসে। বিশ্বকাপের আগের সিরিজের ফল বলবে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে তাতে অতৃপ্তির পাল্লাই যেন ভারি, যাতে যুক্ত হলো আজকের হার।
১৯তম ওভারে বোলিংয়ে আসেন শেখ মেহেদি হাসান। ঐ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। সেটা তিন বলেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। ৯ বল হাতে রেখে তুলে নেয় বড় জয়। দলটির হয়ে অধিনায়ক সিকান্দার রাজা অপরাজিত ছিলেন ৪৬ বলে ৭২ রানে।
১৫৮ রানের লক্ষ্যে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেন ব্রায়ান বেনেট। পাওয়ারপ্লেতে ওপেনিং জুটি ভাঙলেও বাংলাদেশ পরের উইকেটের দেখা শিগগির পায়নি। রাজা ও বেনেটের ৭৫ রানের জুটি গড়ে দেয় ভিত। রাজা শুরুতে সময় নিলেও পরে তা পুষিয়ে দেন দারুণভাবে। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন। হয়ত বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল তাঁর শেষ ম্যাচ।
এর আগে বাংলাদেশকে লড়াই করার মতো একটা স্কোর এনে দিয়েছিলেন পাঁচে নামা মাহমুদউল্লাহ। ফিফটি করেছিলেন তিনি। কিন্তু টপ অর্ডারেই জিম্বাবুয়ে পেয়ে গেছে দুটি ফিফটি, দুটি বড় ইনিংস। টি-টোয়েন্টির নিয়ম মেনে তাই জয়ী দলের নাম জিম্বাবুয়েই।
