সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের

আপডেট : ১২ মে ২০২৪, ০৪:২২ পিএম

সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (১২ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে (ভিসি চত্বর) অ্যাসোসিয়শনের সভাপতি মো. আব্দুল মোত্তালেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদেরকে 'নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক'; 'এক দেশে দুই নীতি মানি না মানবো না'; 'স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কালো আইন চাপিয়ে দেয়া, মানিনা মানবো না' ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন।

এ সময়, বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ব্যবস্থাপক মো. কামরুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব পরিচয় রয়েছে, নিজস্ব সিন্ডিকেট রয়েছে, সিনেট রয়েছে।  অতএব, অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কখনোই যায় না। আমরা আশা করি, আমাদের কর্মকর্তা কর্মচারীদের দুঃখের এই ভাষা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছবে এবং বৈষম্যমূলকে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। যদি তা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ঠিকই জানে যে, কীভাবে দাবি আদায় করতে হয়। আমাদের দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সব ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি আমাদের জন্য নয়। যারা ১ জুলাই থেকে কাজে যোগদান করবেন তাদের জন্য। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং এখানেই বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় হল আমাদের প্রাণ, আমাদের চেতনা। আজকে সর্বজনীন পেনশন ব্যবস্থা এখানে বাস্তবায়ন করা হলে আমাদের চেতনায় আঘাত করা হবে এবং এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, 'সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন ১ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত