প্রথম প্রান্তিকে লাফার্জের নিট মুনাফা ১৬৩ কোটি টাকা

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:২০ এএম

দেশে আর্থিক সংকট ও চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে নির্মাণ খাতের গতি কিছুটা কমেছে। যার প্রভাবে সিমেন্টের বিক্রি কমে গেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিমেন্ট উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বিক্রি কমেছে ৩ শতাংশ। পাশাপাশি উৎপাদন ব্যয়সহ অন্যান্য খাতে খরচ বাড়ায় কোম্পানির নিট মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ১৬৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ কম।

গতকাল লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন দিয়েছে। ওই প্রতিবেদন পর্যালোচনায় বিক্রি ও মুনাফা কমার তথ্য পাওয়া গেছে।

চলতি প্রথম প্রান্তিকে সিমেন্ট ও অ্যাগ্রিগেটস বিক্রি থেকে কোম্পানিটির আয় হয়েছে ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫৪ কোটি ৫৮ লাখ টাকা। চলতি প্রথম প্রান্তিকে বিক্রি কমলেও উৎপাদন ব্যয় আগের বছরের চেয়ে বেড়েছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির উৎপাদন ব্যয় ছিল মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ, যা চলতি প্রথম প্রান্তিকে প্রায় ৬৭ শতাংশে উন্নীত হয়েছে।

চলতি প্রথম প্রান্তিকে প্রশাসনিক, বিক্রি ও বিতরণ ব্যয় কমলেও সুদ ব্যয় বেড়ে যাওয়ায় লাফার্জহোলসিমের কর-পূর্ববর্তী আয় কমে গেছে। এ সময় কর-পূর্ববর্তী আয় দাঁড়িয়েছে ২১০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৬ শতাংশ কম। কর পরিশোধের পর চলতি প্রথম প্রান্তিকে নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬২ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯০ কোটি ৮৭ লাখ টাকা।

মুনাফা কমে যাওয়া প্রসঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘সামগ্রিক নির্মাণ খাত একটা কঠিন সময় পার করছে এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অবকাঠামো নির্মাণের গতি কমেছে। আগামী প্রান্তিকগুলোতে সেলস চ্যানেল বৃদ্ধি, অ্যাগ্রিগেটস ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্য ও সমাধান বাজারে আনা এবং নিজেদের অবস্থান শক্তিশালী করার মাধ্যমে ভালো ফলাফল নিশ্চিত করতে আমাদের নানাবিধ পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যে “হোলসিম ব্লক” উদ্বোধনের মাধ্যমে ব্রিকস অ্যান্ড ব্লকস মার্কেটে সক্রিয় হয়েছি, যা পরিবেশবান্ধব এবং এই পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনাময়। লাফার্জহোলসিম বাংলাদেশ সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩” লাভ করেছে, যা কর্মীদের জন্য নিরাপদ কর্মস্থল তৈরি এবং টেকসই সবুজ পরিবেশ রক্ষায় কোম্পানির প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বীকৃতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত