সাত জেলায় বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে আরও

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:২৩ এএম

দেশের সাতটি জেলার ওপর দিয়ে আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী দুই দিন এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে টাঙ্গাইল, রাজশাহী, রাঙ্গামাটি ও সীতাকুণ্ডে ৩৬.৫, যশোরে ৩৬.০২, সৈয়দপুর ও ফেনীতে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী দুই দিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে,  অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবাহওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী দুই দিন একই থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ২০ মিলিমিটার ও ঢাকায় ৫ মিলিমিটার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত