সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিল দাবি জাবি শিক্ষকদের

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৪৯ এএম

‘সর্বজনীন’ পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। একসঙ্গে স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নেরও দাবি জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কের সামনে এক মানববন্ধনে ‘সর্বজনীন’ পেনশন স্কিমের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিমের মধ্যে আমলা, পুলিশ, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের মতো নিরীহ শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখন পর্যন্ত চুপ আছে। আমি তাদের আহ্বান জানাই আমাদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বর্তমানের এই সর্বজনীন স্কিমের আওতায় শিক্ষকরা অবসরের পর মাসিক ভাতা পাবেন কিন্তু এককালীন যে টাকা পেতেন, সেটা আর পাবেন না। এখানে সমস্যা হচ্ছে, আমি অবসরের পর পাঁচ বছর বাঁচলে পাঁচ বছর টাকা পাব কিন্তু আমার বাকি টাকাটা কোথায় যাবে?’

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, ‘সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকুরিতে যেইসব কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, ১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত