সরকার টবে সাজানো ফুল গাছ : গয়েশ্বর

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৫৭ এএম

বর্তমান সরকারকে টবে সাজানো ফুলগাছের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘টবে পানির অভাব পড়লে গাছটি শুকিয়ে যায়। বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের (সরকার) নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত যুব ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ^র এ মন্তব্য করেছেন। প্রয়াত সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর রায় বলেন, ‘বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, তারা সরকারে থাকতে পারে। এতে আর যা-ই হোক জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে, ক্ষোভ প্রকাশ করে।’

গয়েশ্বর বলেন, ‘উপজেলা নির্বাচন ৭ জানুয়ারির (দ্বাদশ সংসদ নির্বাচন) ভোটকে হার মানিয়েছে। ভোটকেন্দ্রে ভোটার নাই, আমরা তো বাধা দিইনি তাদের, কেন যায় না? আওয়ামী লীগের লোকেরাই বা যায় না কেন? কেউ বিশ্বাস করে না তাদের ভোটটা সে দিতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত