চীনা পণ্য আমদানিতে বাইডেনের উচ্চ শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ বৃদ্ধির শংকা

আপডেট : ১৫ মে ২০২৪, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রে চীনের একাধিক পণ্য আমদানিতে উচ্চহারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন পদক্ষেপ আবারও যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে উস্কে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মূলত চীন থেকে বৈদ্যুতিক গাড়ি, গাড়ির ব্যাটারি, ইস্পাত, সোলার সেল, অ্যালুমিনিয়ামসহ যুক্তরাষ্ট্রে আমদানি করা অজস্র পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতাভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সবচেয়ে বেশি কর আরোপ করা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি এবং এ ধরনের গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় সামগ্রীর ওপর। আমদানি করা চীনা গাড়ির ওপর ১০০ শতাংশ, যন্ত্রাংশের ওপর ৫০ শতাংশ এবং ব্যাটারির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন জানান, চীনের পণ্যের কারণে দেশের পণ্য ও কোম্পানিগুলো লাভ করতে পারছে না। বিশ্ব বাণিজ্যে অন্যায্য সুবিধা পাচ্ছে চীন। তাই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাইডেন।

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে চীনা কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে যাচ্ছে বেইজিং। ফলে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য খুব সহজলভ্য হয় এবং সেগুলোর দামও অন্যান্য কোম্পানির উৎপাদিত পণ্যের চেয়ে কম থাকে।‘

একে বিশ্ব বাজারে চীনের প্রতিযোগিতা নয়, প্রতারণা বলে উল্লেখ করেন বাইডেন।

তবে চীনের একাধিক পণ্যে আমদানি শুল্ক আরোপের বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি চীন। নিজের স্বার্থ রক্ষায় তারাও এবার যথাযথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন এই পদক্ষেপের বিরোধিতা করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত