দেশবরেণ্য সাংবাদিক জিয়াউল হককে স্মরণ বিএসপিএর

আপডেট : ১৬ মে ২০২৪, ০৪:১৪ পিএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) সাবেক সভাপতি ও দেশবরেণ্য কীর্তিমান সাংবাদিক জিয়াউল হকের প্রয়াণে বুধবার বিকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে বিএসপিএ।

স্মরণসভাটি ছিল চলতি প্রথাবিরুদ্ধ। মঞ্চে ছিলেন না আলঙ্কারিক সভাপতি, প্রধান অতিথি অথবা এক সিরিজ বিশেষ অতিথি। এমনকি মঞ্চে বসার কোনো চেয়ারই ছিল না। দর্শকসারি থেকে বক্তারা মঞ্চে রাখা একমাত্র ডায়াসের সামনে দাঁড়িয়ে সাংবাদিক জিয়াউল হককে নিয়ে নিজের অনুভুতি, স্মৃতিচারণ আর মূল্যায়ন উপস্থাপন করে গেছেন নিজের মতো করে। বক্তাদের ধারাক্রমেও অনুসরণ করা হয়নি প্রচলিত পন্থা। সঞ্চালক তার পরিকল্পনামাফিক নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রেখেছিলেন। 

তবে অধিকাংশ বক্তা, প্রয়াতের সহকর্মী আর আমন্ত্রিত গুণীজনেরা এটাই রায় দিয়েছেন, স্বাধীনতার নিউক্লিয়াস বিবেচিত গ্রুপটির সঙ্গে সাংবাদিক জিয়াউল হকের সম্পৃক্ততা ছিল অতিনিবিড়। সামান্য কিছু আপস করতে পারেননি বলেই তার নামের পাশে আজ জাতীয় নেতার তকমাটি নেই। কিন্তু এটা নিয়ে নীতির প্রশ্নে আপোসহীন সাংবাদিক ও ক্রীড়া সংগঠক জিয়াউল হকের কোনো আফসোস ছিল না।

বক্তারা বলেন, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক জিয়াউল হক নিজে যেমন স্বল্পভাষী ছিলেন, তেমনি দুহাত খুলে তিনি লিখে যেতে পারেননি। কিন্তু অনুজ সাংবাদিকদেরকে বই লেখার জন্য অফুরান উৎসাহ দিয়ে গেছেন জীবনের অন্তিম লগ্নে এসেও।

বিএসপিএর বর্তমান সভাপতি রেজওয়ান উজ জামান অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অত্যন্ত সুশৃঙ্খল এই শোকানুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বিএসপিএর সদ্যবিদায়ী সভাপতি সনৎ বাবলা, বাফুফে সাবেক কর্মকর্তা ফজলুল রহমান বাবুল, বিএসপিএর সাবেক সভাপতি আবদুল তৌহিদ, দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, বিএসপিএর সাবেক সভাপতি ও ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, দৈনিক দেশ-রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএসপিএর সাবেক সভাপতি মোস্তফা মামুন, বিএসপিএর আজীবন সদস্য ইকরামউজ্জমান, ডিআরইউর সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, দৈনিক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, বিএসপিএর সাবেক সাধারণ সম্পাদক শহীদুল আজম, কবি সানাউল হক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও বিএসপিএর সিনিয়র সদস্য কামরুন নাহার ডানা ও প্রয়াত জিয়াউল হকের একমাত্র সন্তান জিসান আহমেদ কুশল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত