দুই দিনে ২ মিলিয়ন, দর্শক বলছে ‘মায়ায় ডুবে ছিলাম’

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৩০ পিএম

প্রেমের গল্প বলাতে বেশ পারদর্শী প্রবীর রায় চৌধুরী। বছর জুড়ে খুব হাতে গোনা কিছু কাজে পাওয়া যায় তাকে। এরমধ্যে সদ্যই উন্মুক্ত হয়েছে তার নাটক ‘মাধবীলতা’। গেল ঈদে মুক্তি পাবার কথা থাকলেও সম্পাদনায় বেশ সময় লাগায় প্রচারে আসতে একটু সময় নিয়েছে।

দেরিতে এলেও মুক্তির পর দর্শকরা যেন ভালো লাগা খুঁজে পেয়েছেন নাটকটিতে। ভিউ এবং প্রশংসায় সমানতালে এগিয়ে যাচ্ছে এটি। মুক্তির মাত্র দুই দিনেই দুই মিলিয়নেরও বেশি দর্শক নাটকটি ইউটিউবে দেখেছেন। এই প্রতিবেদন লিখা পর্যন্ত নাটকটি দেখেছেন ২১ লাখ ২৭ হাজার সাতশ এরও বেশি দর্শক। মন্তব্যের ঘরে সব ইতিবাচক বন্দনা।

ইউটিউবে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘পুরো নাটক জুড়ে একটা স্নিগ্ধ মায়ায় ডুবে ছিলাম। দুজনেই ফাটিয়ে অভিনয় করেছে।’ অন্য একজন লিখেন, ‘নাটকের শেষ মুহূর্তটা যেন রেশ রেখে গেলো। শেষ সাউন্ড মিউজিকটা মুগ্ধ করেছে।’

আরেকজন লিখেন, ‘আমার জীবনটা অনেক ছোট। তবে এই জীবনে অনেক নাটক মুভি দেখেছি কিন্তু এই মাধবীলতা নাটকটা দেখে এত পরিমাণ কান্না করেছি যেটা কখনো কোনো নাটক দেখে করিনি। সেই অনুভূতিটা বোঝাতে পারবো না। সবকিছু ভালো লাগলো, ধন্যবাদ।’ 

দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন জানিয়ে নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ‘রিলিজ এর পর থেকে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক পুরনো ফ্রেন্ড, পরিচিতজনরা নক দিয়ে, ফোন দিয়ে প্রশংসা করছে। অনেক কষ্টের পর এই প্রাপ্তি সত্যি আনন্দ দেয়। দর্শকদের এমন ভালোবাসা পেলে কাজ করার আরো কয়েকগুণ বেড়ে যায়। ভবিষ্যতে চেষ্টা থাকবে দর্শকদের সবসময় ভালো কিছু উপহার দেওয়ার। জোভান এবং কেয়া পায়েল সবাই অনেক উচ্ছ্বসিত।’

‘মাধবীলতা’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত