বায়ার্নে থাকতে পছন্দের দুই খেলোয়াড় কেনার শর্ত জুড়ে দিলেন টুখেল

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৫৫ পিএম

জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে পথচলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল টমাস টুখেলের। তবে ঘটনায় এসেছে ভিন্ন মোড়। নতুন কোচ না খুঁজে টুখেলের ওপরেই ভরসা রাখতে চলেছে বায়ার্ন। আর এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলার মাঝেই ক্লাব কর্তৃপক্ষের কাছে দুজন পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়ানোর নিশ্চয়তা চেয়েছেন টুখেল।

চলতি মৌসুমের শুরু থেকেই নাম্বার সিক্স পজিশনে একজন খেলোয়াড় নিতে চাইছিলেন টুখেল। গত গ্রীষ্মকালীন দলবদলে ফুলহাম থেকে জোয়াও পালহিনহাকে দলে টানার প্রক্রিয়া শেষ সময়ে এসে থমকে যায়। টুখেলের মতে গত মৌসুমে বায়ার্নের জন্য এটা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এছাড়াও দলে একজন প্লেমেকারের দারুণ অভাব বোধ করেছেন টুখেল। আর এক্ষেত্রে তার পছন্দ ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস। এছাড়া সম্ভাবনা আছে বায়ার্ন থেকে জামাল মুসিয়েলা যোগ দিতে পারেন ম্যানচেস্টার সিটিতে।

এবারের দলবদলে খরচ করার জন্য অবশ্য বায়ার্নের পকেট বেশ ভারি। টুখেল যদি বায়ার্নে থেকেই যান এবারের মতো শিরোপা শূন্য মৌসুম কাটাতে চাইবেন না মোটেও। তাই আগে থেকেই পছন্দসই খেলোয়াড় কেনার ব্যাপারে কথা পাকাপাকি করে রাখতে চাইছেন ক্লাবের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত