চন্দনাইশে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:২৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাশিমপুর (ছৈয়দাবাদ) হতে বড়ুয়া সড়কে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর দুর্নীতি রুখে দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১৭ মে) রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দেখতে পেয়ে সেগুলো অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা 

জানা গেছে, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাশিমপুর (ছৈয়দাবাদ) হতে বড়ুয়া পাড়া সড়কে ৮২ লাখ টাকা রাস্তা চলমান রয়েছে। রাস্তায় নিম্নমানের পচা ইট দিয়ে কাজ চলছিল। কাজ চলাকালে এলাকাবাসী বাঁধা দেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের জানান। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা এবং কাজটি নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দেখতে পেয়ে সেগুলো অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেন। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাংবাদিকদেরকেও খবরটি জানিয়ে দেন।

রাস্তা পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মোবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার কাজটি মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহেদ করছে। আজ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দেখতে পেয়ে সেগুলো অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত