ফ্রান্সের উত্তর-পশ্চিমের নগরী রুয়েনে সশস্ত্র এক ব্যক্তি ইহুদিদের উপাসনালয় একটি সিনাগগে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ বলছে, ওই ব্যক্তির হাতে একটি ছুরি ছিল এবং তিনি পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসার সময় পুলিশ তাকে গুলি করে।
স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে একটি সিনাগগ থেকে ধোঁয়া উড়তে দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে ছুরি ও লোহার রড হাতে দেখতে পায়। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন।
নগরীর মেয়র নিকোলাস মায়ের-রোসিগনাঅল বলেন, সিনাগগে হামলা শুধু ইহুদি সম্প্রদায়ের ওপরই আক্রমণ নয়; বরং এটা পুরো নগরীর ওপর আঘাত এবং যা দুঃখজনক।
