ডিলারের খেয়ালখুশিতে টিসিবির পণ্য বিতরণ

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:১০ এএম

নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই দীর্ঘ দিন ধরে প্রভাব খাটিয়ে নিজের খেয়াল খুশিমতো টিসিবির পণ্য বিতরণ করে আসছেন ডিলার। এতে করে স্বল্প আয়ের মানুষজন একদিকে প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে, তাদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার মালঞ্চি বাজারে টিসিবির পণ্য বিতরণ করেছেন ডিলার হাসান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মেহেদী হাসান দোলন। কিন্তু পণ্য বিতরণে সময় ক্ষেপণ ও নির্ধারিত সময়ের আগেই বিতরণ শেষ করায় ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ মানুষ। বিতরণ কেন্দ্র বন্ধ করে দেওয়ায় খালি হাতে ফিরে যেতে হয় পণ্য নিতে আসা মানুষজনকে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ওই ডিলারের বিরুদ্ধে নানারকম অভিযোগ পেয়েছি। তিনি নিজের ইচ্ছেমতো টিসিবির পণ্য বিতরণ করেন বলে অনেকেই অভিযোগ করেছেন।’

পৌরসভার সোনাপাতিল মহল্লার রবিউল আলম রুবন (৬৮) জানান, তিনি সকাল ১০টায় টিসিবির পণ্য নিতে যান। কিন্তু মাপজোখ করার অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করে তাকে পরে পণ্য নিতে বলা হয়। অথচ সকাল ৯টা থেকে পণ্য বিতরণ করার কথা। এর আগের বারও দুইদিন টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও তিনি একদিনেই তা শেষ করার ঘোষণা দেন।

পৌরসভার বিহারকোল মহল্লার জোবায়ের হোসেন পিটু (৩৫) জানান, তিনি দুপুর ১২টার দিকে টিসিবির পণ্য নিতে গেলে দুপুরের খাবার খাওয়ার বিরতি দেয় ডিলার। পরে বিকেল ৪টার আগে আবার গেলেও দেখা যায় পণ্য বিতরণের ঘর বন্ধ।

উপজেলা সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম জানান, ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিসিবির পণ্য বিতরণ করবেন এবং তা মাইকিং করে উল্লেখ করবেন।

এ বিষয়ে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অশিক আহম্মেদকে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বাগাতিপাড়া পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন বলেন, ডিলার প্রতিমাসেই সুবিধাভোগীদের সঙ্গে ঝামেলা করে। আমাকেও বিতরণের তারিখ-সময় জানায় না। ডিলার ও ট্যাগ অফিসারের বিষয়গুলো ইউএনওকে জানিয়েছি।

পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণের ডিলার হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান দোলন এ ব্যাপারে বলেন, ‘ওই দিন আমি সেখানে ছিলাম না।’

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন জানান, বিষয়টি তিনি দেখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত