কিশোরগঞ্জ সদরে জমিসংক্রান্ত বিরোধের জেরে অনুফা আক্তার (৪৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার দেবর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দেবরকে আটক করে পুলিশ। নিহত অনুফা মোল্লাপাড়া এলাকার খাইরুল ইসলামের স্ত্রী। আটক জহিরুল ইসলাম ও দ্বীন ইসলাম খাইরুল ইসলামের আপন ভাই। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, প্রায় ২০ বছর ধরে খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট দুই ভাই জহিরুল ও দ্বীন ইসলামের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে খাইরুল ইসলামের ঘর থেকে বাইরে চলাচলের রাস্তা বন্ধ করে দেন দুই ভাই। এতে খাইরুলের পরিবার ঘরে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে খাইরুলের পরিবার রাস্তা খুলে বাড়ি থেকে বের হন। খবর পেয়ে জহিরুল ও দ্বীন ইসলাম ধারালো অস্ত্র দিয়ে অনুফা ও তার ছেলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অনুফার মৃত্যু হয়।
