নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪৪ এএম

রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ১০ তলার ভবনের বাহির পাশে মাচান থেকে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন তারা।

নিহতরা হলেন মফিজুল ইসলাম (২০), আলতাফুর (৪০) ও অন্তর (২২)। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান আলতাফুর ও অন্তর। বেলা ২টার দিকে মফিজুলকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মফিজুলের মামা মিজানুর রহমান জানান, মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের একটি ১০ তলা ভবনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন মফিজুল। শুক্রবার সকাল ১০টার দিকে ভবনের ১০ তলার বাহির পাশে মাচান বেশে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন। মাচানটিতে ছিল মফিজুল, মিস্ত্রি আলতাফুর (৪০) ও আরেক সহযোগী অন্তর (২২)। তখন মাচানটির রশি ছিঁড়ে তারা তিনজনই নিচে পড়ে যান।

স্বজন ও সহকর্মীরা জানান, মফিজুলের বাড়ি জামালপুর সদর উপজেলার চরপাড়া গ্রামে। বাবার নাম রব্বানি। পরিবার নিয়ে মায়া কানন এলাকাতেই থাকেন। ২ বছরেরও বেশি সময় ধরে ওই ভবনটিতে কাজ করে আসছিলেন। এ ছাড়া আলতাফুরের বাড়িও জামালপুর আর অন্তরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, মফিজুলকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিন মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত