লখনৌ থেকে গৌতম গম্ভীরকে পরামর্শক করে নিয়ে আসে কলকাতা নাইট রাইডার্স। তার ছোঁয়া পেয়েই যেন বদলে গেছে দলটি। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সবার আগে নিশ্চিত করেছে প্লে অফ। হারানো সেই শিরোপা ফিরে পেতে যে মরিয়া তা আর বলার অপেক্ষা রাখে না। এই গম্ভীরের নেতৃত্বেই দুবার শিরোপা জিতেছিল পশ্চিম বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। তবে দুরন্ত গতিতে ছুটে চলা এবারই প্রথম তাদের।
এই সফলতা ধার হয় গম্ভীরের আগমনেই। আর এই সাফল্য দেখে তাকে কোচ বানাতে উঠেপড়ে লেগেছে ভারত! ভারতীয় গণমাধ্যমগুলি এমন দাবিই করছে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে– রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত করতে বিসিসিআই গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ চায় ভারত।
ইএসপিএন ক্রিকইনফো বলছে, নাইট রাইডার্সের মেন্টর রোহিত-কোহলিদের প্রধান কোচ হতে আগ্রহী কি না, তা জানতে গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করেছে। চূড়ান্ত আলোচনা হবে আইপিএলের ফাইনাল শেষে। আগামী ২৭ মের মধ্যে ভারতের কোচ হতে আগ্রহীদের আবেদন করতে হবে। তার দুদিন আগেই ফাইনাল হবে আইপিএলের।
টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতাই রয়েছে গম্ভীরের। বরং আন্তর্জাতিক ক্রিকেট খেলার যতটুকু অভিজ্ঞতা দরকার, তার থেকে অনেক বেশি অভিজ্ঞ গম্ভীর। এ ছাড়া আইপিএলের মেন্টর হিসেবে লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ইতোমধ্যে রোহিত শর্মাদের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় আর নতুন মেয়াদে দলটির দায়িত্ব নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন। এরপর থেকে বিসিসিআই নতুন কোচের খোঁজে আটঘাঁট বেঁধে নেমেছে। সেই তালিকায় শোনা গেছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এবং লখনৌ কোচ জাস্টিন ল্যাঙ্গারের নামও।
