টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান মিশু (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার কয়েড়া গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। তিনি জেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিলেন। পথিমধ্যে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানস্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতিগভীর সমবেদনা জানিয়েছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
