ঝিনাইদহ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৮ মে ২০২৪, ০২:৫৭ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) সকালে ওই উপজেলার ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। 

স্থানীয়রা জানায়, হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের বর্তমান মেম্বার কোরবান আলী ও সাবেক মেম্বার মশিউর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে মাঠে ধান কাটাকে কেন্দ্র করে মশিউরের সমর্থক হাসেম আলীকে কোরবান আলীর সমর্থক মিন্টু হোসেন ও বিল্লাল হোসেনর মারপিঠ করে। 

এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, রামদা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, মকলেস হোসেন, আজিম উদ্দীন, পান্নু হোসেন, ইমন হোসেন, হাসেম আলী, বেল্টু হোসেন, বিল্লাল হোসেন, শহিদুর ইসলাম, রবজেল হোসেন, মধু আলী, কমির হোসেন, বজলুর রহমান, জাকির হোসেন, চুন্নু হোসেনসহ ২০জন। 

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দজিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এখন  পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত