যমজ দুই বোনকে হাতুড়িপেটা ছাত্রলীগ নেতার

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:২১ এএম

পাবনার চাটমোহরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের উথুলি খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যমজ দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তারা একই এলাকার রেজাউল করিম রিজুর মেয়ে। আর তাদের মারধরের অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতা হলেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতদের বাবা রেজাউল করিম। লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে গিয়ে বলে, গাছ কাটার সময় ডাল পড়ে তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার জমজ বোন মিম এগিয়ে এলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে পায়েল ও তার বাবা-মা মিলে লাঠি দিয়ে জমজ দুই বোনকে বেধড়ক মারধর করেন। চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে দুই বোনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল বলেন, ‘আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করেছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদের মারিনি। আমাকে ফাঁসানোর জন্য অহেতুক অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আর পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি এখনো আমি জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তদন্ত করে সত্যতা পেলে তার (পায়েল) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত