স্কুলব্যাগে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল ইয়াবা, বগুড়ায় ধরা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৩১ এএম

রাজধানী থেকে স্কুলব্যাগে করে ৫ হাজার ২০০ ইয়াবা বড়ি নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ালিউল আলী সরদার (৩৫) নামে এক যুবককে ওই ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার ভোরের দিকে জেলা সদরের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান। গ্রেপ্তার ওয়ালিউল আলী সরদার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়ার হারুন অর রশিদের ছেলে। তিনি নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

উপপরিচালক রাজিউর রহমান জানান, ভোরে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ওয়ালিউল সরদারের কাছে থাকা স্কুল ব্যাগে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত