ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই। রেড ক্রিসেন্টের পাশাপাশি এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম ও কর্মকর্তারা।
এবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছেন আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম। এছাড়া ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
প্রেস টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ উদ্ধারকারী দল।
এদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছে রোববারের হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় কারো বেঁচে থাকার চিহ্ন নেই। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।
এছাড়া দুর্ঘটনায় হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’বলেও জানায় সংস্থাটি।
গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
Footage shows the crash site of the presidential copter in northwest of Iran pic.twitter.com/FaxgrFLn0a
— Press TV
