ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলানোর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ডিএমপি থেকে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা কোথায় কিভাবে চলবে এ বিষয়ে নির্দেশনার পর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। তবে মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব, কোথায় চলবে কোথায় চলবে না।
এর আগে ১৫ মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ।
গতকাল রবিবার এবং আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন অটোরিকশার চালকরা।
'পাওয়ার প্লে তে চ্যালেঞ্জটা বেশি'