এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

আপডেট : ২০ মে ২০২৪, ০৭:৩৬ পিএম

রামগঞ্জ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। 

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার বিষয়ে একটি অভিযোগ রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা হয়েছে। ওই অভিযোগে তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে শনিবার (১৮ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাত। রবিবার (১৯ মে) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের করা অভিযোগের ভিত্তিতে এ নির্দেশনা দেন কর্মকর্তা।

অভিযোগে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে রামগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে এমপি আনোয়ার খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং আচরণবিধি লঙ্ঘন করে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার একটি লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত। এ অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আরও চারটি দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠির বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং অফিসার প্রিয়াংকা দত্ত জানান, চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত