ভাড়া নিয়ে তর্ক, ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:৫৭ পিএম

নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কের জের ধরে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজয় সাহা (১৯) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আটককৃত অজয় সাহা হাজীপুর বৌবাজার এলাকার শীতল সাহার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইউনুছ প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধায় ইজিবাইকে করে অজয়কে নিয়ে তিনি হাজীপুরের বৌবাজার এলাকায় যান। এ সময় অজয় ৩০ টাকা ভাড়া দেন আর ইউনুছ ৫০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে অজয় ছুরি নিয়ে এসে ইউনুছকে ছুরিকাঘাত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অজয়কে আটক করে।

নরসিংদী  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইজিবাইকের চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে । হত্যাকারী যাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত