টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির 'বিশেষজ্ঞ কোচ' সিমন্স

আপডেট : ২০ মে ২০২৪, ১১:২২ পিএম

কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ফিল সিমন্স। ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেলে শক্তি বাড়াতে সিমন্সকে 'বিশেষজ্ঞ কোচ' হিসেবে নিয়োগ দিল পাপুয়া নিউ গিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট পাপুয়া নিউ গিনি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্থানীয় কন্ডিশন সম্পর্কে সিমন্সের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা ৬১ বছর বয়সী সিমন্স দ্বিতীয় মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব ছাড়েন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। এরপর থেকে কাজ করছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় সিমন্স জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।

সিমন্স বলেন, 'এখানে আমার দায়িত্ব মূলত পরামর্শক কোচের। শুধু বিশ্বকাপ খেলাই নয়, ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা কীভাবে আমি পাপুয়া নিউ গিনির হয়ে কাজে লাগাতে পারি সেই চেষ্টাই করব। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলাগুলো হবে।'

'সি' গ্রুপে স্বাগতিক ওয়েস্ট উইন্ডিজের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি। গ্রুপের বাকি তিন দল উগান্ডা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপের সবগুলো ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত