বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছিলেন স্বামী

আপডেট : ২০ মে ২০২৪, ১১:১৯ পিএম

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে ছিলেন মনি বেগম। পাশেই ঘরের আড়ার সঙ্গে ওড়না গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলছিল স্বামীর লাশ।

আজ সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ওই ভাড়া বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে আশুলিয়া থানা–পুলিশ

নিহতরা পটুয়াখালী জেলার সদর থানার পাইকা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে রুহুল আমীন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৬)। রুহুল আমীন পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ও তার স্ত্রী মনি আক্তার গৃহিণী ছিলেন।

পুলিশ জানায়, বিকেল ৪ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের বাড়ি থেকে রুহুল আমিন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। স্বামী রুহুল আমীনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মনি আক্তারের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী।

আশুলিয়ায় আরো দুটি লাশ উদ্ধার

এদিকে সাভারের আশুলিয়ারে পৃথক দুটি স্থান থেকে আরও ‍দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ও আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে একই ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে নাজমুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নাটোর জেলা সদর থানার পিরজিপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাজমুল হাসান (২৮)।

জানা যায়, সকালে স্ত্রী কর্মস্থল পোশাক কারখানায় গেলে দুপুরে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তিনিও পারিবারিক কলেহের জেরে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অন্যদিকে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকা থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ) মাসুদুর রহমান বলেন, সোমবার আশুলিয়ার পৃথক স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত