ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটের মাঠের নিরাপত্তায় ১ লাখ ৯৩ হাজার ৩২৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে রবিবার থেকে ২৩ মে পর্যন্ত পাঁচদিন কাজ করবেন তারা।
দ্বিতীয় ধাপে দেশের ১৫৭টি উপজেলার ১৩ হাজার ১৬টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততধিক আনসার ও ভিডিপি সদস্য রবিবার থেকে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার-ভিডিপি সদস্য রয়েছেন।
কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ছয়টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (তিনজন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় ১ লাখ ৮৫ হাজার ৫২৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি ৭৯ প্লাটুন (২,৩৭০ জন) আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। তা ছাড়া পুলিশের মোবাইল টিম/স্ট্রাইকিং টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন প্রায় ১০৫ প্লাটুন (৩,২৪০ জন) সশস্ত্র আনসার-ভিডিপি সদস্য। তদারকের জন্য কর্মকর্তা-কর্মচারীসহ আরও ২ হাজার ২৯০ জন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
