ইউরোপিয়ান ফুটবলের অমরত্ব থেকে দুই ম্যাচ দূরে বায়ার লেভারকুসেন। ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতায় অকল্পনীয় অপরাজিত মৌসুম শেষ করতে চার দিনে দুটি কাপ ফাইনাল খেলবে জাবি আলোনসোর দল। আজ রাতে ইউরোপা লিগের ফাইনাল শেষে শনিবার তারা খেলবে জার্মান কাপের ফাইনাল।
তবে আপাতত চোখ তাদের আজ রাতে আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালকে ঘিরেই। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথম লিগ শিরোপা এবারই এসেছে। সেটা জয়ের পর এবার লক্ষ্য ইউরোপ জয়। মহাদেশীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টটিতে ইতালিয়ান ক্লাবটিকে হারাতে পারলেই সেটা পূরণ হবে।
ইউরোপিয়ান শিরোপা জিততে মরিয়া লেভারকুসেন কোচ জাবি আলোনসোও। গতকাল ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে তিনি সে কথাই জানালেন।
জাবি বলেন, 'আপনি যদি ফাইনালে পৌঁছান তবে আপনি অবশ্যই শীরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। আমাদেরও উদ্দেশ্য সেটাই। প্রতিটি ম্যাচের মতো এটিও একটি গল্প হবে। মৌসুমের শেষ বেলায় বড় সাফল্য অর্জনের এই সুযোগ। যা আমরা কাজে লাগানোর জন্য সর্বোচ্চটা নিংড়ে দেবো।'
গত বছর ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে তার দলের বাদ পড়েছিল। ইতালিয়ান ক্লাব রোমার কাছে ১-০ গোলের হারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়িয়েছে তার দল। এবার ফাইনালে প্রতিপক্ষ যখন আরেজ ইতালিয়ান ক্লাব তখন সংবাদ সম্মেলনে জাবি শোনালেন তার দলের ইউরোপ যাত্রার কথা তুলে ধরেন।
বলেছেন, 'অবশ্যই আমাদের দারুণ অনুপ্রেরণা আছে, রোমার বিপক্ষে গত বছরের হতাশা নিয়ে আমরা এরই মধ্যে কথা বলেছি। আমরা ফাইনালের খুব কাছাকাছি ছিলাম এবং আমরা সেই হতাশার হার থেকে শিক্ষা নিয়ে সাফল্য অর্জনের জন্য আরও কঠিন লড়াই করেছি। এটা আমাদের এ বছর আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে। আমাদের আত্মবিশ্বাস আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এই বিশ্বাসটি আমাদের মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ।'
এদিকে আতালান্তাকেও শিরোপা জেতাতে মরিয়া দলের কোচ জিয়ান পেইরু গাসপেরিনি। ২০১১ সালে ইন্তার মিলানের কোচ হয়েছিলেন। সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবের প্রাক্তন কোচের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আতালান্তা।
২০১৬ সালে আতালান্তার হয়ে নিজের আদর্শ জায়গায় নামার আগে আরও তিনটি ক্লাবে দ্বিতীয় স্পেলে ফিরে গিয়েছিলেন গাসপেরিনি, 'ক্লাব আমার ওপর আস্থা রেখেছিল যখন আমি খুব একটা মূল্যায়িত ছিলাম না। তবুও ছেলেরা দারুণ খেলেছে এবং ইউরোপা লিগের ফাইনালে উঠে আসতে পেরেছি আমরা। এটি ফুটবলের জন্য একটি দুর্দান্ত উদাহরণ।'
আয়ারল্যান্ডের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। যে জিতবে তার হাতেই প্রথমবারের মতো উঠবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট।
