লেভারকুসেনকে থামিয়ে ইউরোপা চ্যাম্পিয়ন আতালান্তা

আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৪৯ এএম

৫১ ম্যাচ পর অবশেষে জয়রথ থামলো লেভারকুসেনের। ইউরোপা লিগের ফাইনালে বুধবার রাতে আদেমলা লুকমানের হ্যাটট্রিকে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছে লেভারকুসেন। 

গত বছরের ২৮ মে'র পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার রেকর্ড টপকে ৫১ ম্যাচ ধরে অপরাজিত ছিল লেভারকুসেন। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন আতালান্তার নাইজেরিয়ান ফুটবলার।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ১২ মিনিটেই জালের দেখা পেয়ে যায় আতালান্তা। ডানপ্রান্ত থেকে আসা আক্রমণ ঠেকাতে পারেনি লেভারকুসেন। জাপাকোস্টা বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতর। মুহূর্তেই দৌড়ে গিয়ে তাতে শট নেন লুকমান। 

২৬ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন লুকমান। মধ্যভাগের একটু সামনে বল পেয়ে লেভারকুসেনের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার নেয়া আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি মাতেজ কোভার। লিড তখন ২-০ গোলের। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।

আতালান্তার হয়ে হ্যাটট্রিক করেন লুকমান

দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় লেভারকুসেন। এ সময় বলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তারা, শাণায় কয়েকটি আক্রমণও। তাদের পরিবর্তে উল্টো গোল করে বসে আতালান্তা। ৭৫ মিনিটে কোভারের ওপর দিয়ে নেয়া শট চোখের পলকেই জাল খুঁজে নেয়, হ্যাটট্রিক পূর্ণ হয় লুকমানের। 

এবারের মৌসুমে ইউরোপা লিগের ১১ ম্যাচে এটা তার পঞ্চম গোল, ১ গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে আতালান্তার হয়ে এ মৌসুমে ৪৩ ম্যাচে ১৫ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত