রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল এবিএম গ্রুপ

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:২৫ পিএম

পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় অবদান রাখায় মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ পেয়েছে এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন এবিএম গ্রুপের চেয়ারম্যান এ কে এম আতাউল করিম।

শিল্পমন্ত্রী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এবিএম ওয়াটার কোম্পানি ছাড়াও গাজীপুরের ইকো টেক্স লিমিটেড, প্রাণ-আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড, মীর আকতার হোসেন লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্নো আউটাওয়্যার লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডসহ দেশের প্রথমসারির ২০টি কোম্পানিকে রাষ্ট্রপতি শিল্প পুরস্কার দেওয়া হয়।

এবিএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি ২০০৩ সাল থেকে বাংলাদেশের পানি বিশুদ্ধকরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। পানি বিশুদ্ধকরণের সবচেয়ে আধুনিক প্রযুক্তি রিভার্স অসমোসিস টেকনোলজি ব্যবহার করে পুকুর, লেক, নদী ও সাগরের পানি পরিশোধন করে আসছে এবিএম ওয়াটার।

ভূগর্ভস্থ পানির সংকট কমানোর জন্য বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ ও পরিশোধন-পূর্বক ব্যবহার, নবায়নযোগ্য জ¦ালানি হিসেবে সোলার এনার্জি ব্যবহার করে পানি উত্তোলন ও পরিশোধন করে প্রতিষ্ঠানটি।

এবিএম ওয়াটার সারা দেশে ছোট-বড় প্রায় ২৫০টিরও বেশি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। যার মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৯২ লাখ ১৬ হাজার লিটার পরিশোধিত খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

এর আগে এ কে এম আতাউল করিমকে শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৩ সালেও বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড অর্জন করেন।

এ কে এম আতাউল করিম বলেন, ‘চট্টগ্রাম পোর্টে দেশের সর্ববৃহৎ রিভার্স অসমোসিস বা লবণাক্ত পানি পরিশোধন প্ল্যান্ট করে সাফল্যের পরিচয় দিয়েছে এবিএম ওয়াটার। মোংলা-পায়রা পোর্টে পানি পরিশোধন প্ল্যান্টও আমাদের হাতেই হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে বৃহৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ বহু কাজ সম্পন্ন করেছে আমাদের কোম্পানি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত