ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের খবরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা কালীগঞ্জবাসী। তার লাশ উদ্ধার না হওয়ায় মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এমপির শহরের বাসভবন ও দলীয় কার্যালয়ের সামনে সহস্রাধিক নারী-পুরুষ ভিড় করেন। তাদের মনে প্রশ্ন এমপি আনার খুন হলে তার লাশ কোথায়?
এদিকে তার মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পতাকা উত্তোলনকালে কান্নায় ভেঙে পড়েন পৌর আ. লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।
পতাকা উত্তোলনের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান ওদু ও মোস্তাফিজুর রহমান বিজুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, আনারকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই দ্রুত আমাদের এমপির মরদেহ দেশে আনার ব্যবস্থা করেন। এমপি আনার আ. লীগ মনোনীত টানা তিন বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয়ভাবে আগামী শনিবার সকালে উপজেলা আ. লীগের কার্যালয়ে সভা আহ্বান করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান নেতৃবৃন্দ।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, এমপি আনার নিখোঁজ, এ ঘটনায় তার সেজো ভাই এনামুল হক ইমান গত ১৯ মে কালীগঞ্জ থানায় একটি ডিডি করেছেন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি। এমপি আনারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন সংস্থা পর্যবেক্ষণ করছে বলে যোগ করেন তিনি।
গত ১২ মে দর্শনার গেদে বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডল পাড়া লেনে গোপাল বিশ্বাস নামের পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন এমপি আনার। পরদিন ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ১৫ মে বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটস অ্যাপে ম্যাসেজ করে জানান তিনি দিল্লি যাচ্ছেন। ১৬ মে এমপির ব্যক্তিগত গাড়ি চালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনেও একটি ম্যাসেজ পাঠিয়ে জানান দিল্লি যাওয়ার কথা। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম আনার। এরপর থকে পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানায় উদ্বিগ্ন এমপি পরিবার।
সঙ্গে এমপি আনোয়ারুল আজিম আনারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে থানায় একটি মিসিং ডায়েরি করেন এমপির পরিচিত ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। ১৯ মে ঝিনাইদহের কালীগঞ্জ থানাতেও তার সেজা ভাই একটি নিখোঁজ ডায়েরি করেন।
রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল এবিএম গ্রুপ
মোহামেডান ২৫১ রানে, রূপালির ১০ উইকেটের জয়
বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে: সেতুমন্ত্রী