ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে। গতকাল বৃহস্পতিবার ভাদিম শামারিনকে গ্রেপ্তারের খবর জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, গত ২৩ এপ্রিল উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেপ্তারের পর গত এক মাসে চতুর্থ শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা হিসেবে গ্রেপ্তার হলেন শামারিন।
রুশ কর্মকর্তাদের বরাতে মস্কো টাইমস বলছে, রাষ্ট্রীয় চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বেশ বড় পরিসরে ঘুষ গ্রহণের অভিযোগে রয়েছে শামারিনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেয়নি তারা।
এদিকে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, দেশটির সামরিক আদালতে লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রাক বিচারে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস জানায়, ২২ মে আদালত শামারিনকে দুই মাসের জন্য আটকে রাখার জন্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা বেছে নিয়েছে।
