উইন্ডিজেও সিরিজ হার আফ্রিকার, টানা নয় সিরিজ পরাজয়

আপডেট : ২৬ মে ২০২৪, ১১:০৮ এএম

বিশ্বকাপের যখন বাকি আর মাত্র ৬ দিন, তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। ২০২২ সালের আগস্টের পর যে তারা আর কোনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি। এই সময়ের মধ্যে তারা খেলেছে ৯ টি-টোয়েন্টি সিরিজ। কোনোটিতেই জিততে পারেনি তারা।

সুযোগ ছিল উইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে সেই অপূর্ণতা ঘোচানোর। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে হারের পর কাল রাতে দ্বিতীয়টিতেও হেরেছে তারা ১৬ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে রান তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারে ৮১ রান তুলেও ২০৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৯১ রানে। ব্যাট হাতে অপরাজিত ৩৮ বলে ৬৭ রান করা রোস্টন চেজ বল হাতে ২৬ রানে ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে কুইন্টন ডি কক আউট হলেও ১৮ বলে ৪১ রান করে দলের ভালো শুরু নিশ্চিত করেন। আরেক ওপেনার রেজা হেনড্রিকসও করেছেন ১৮ বলে ৩৪ রান। প্রথম ৮ ওভারেই ১০০ রান তুলে প্রোটিয়ারা। এরপর কেউই ভালো করতে পারেননি।

২ উইকেট ১১৩ থেকে ১৬৭ রানে ৭ উইকেট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার স্কোর। পরের ৫৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। উইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি কালও দারুণ বোলিং করেছেন। ২২ রানে নিয়েছেন ৩ উইকেট, যা তার ক্যারিয়ার-সেরা। এ নিয়ে টানা তিনটি ম্যাচে ৩ উইকেট করে পেয়েছেন এই স্পিনার।

টস জিতে আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ৫ ওভারে রান তোলে মাত্র ৩৬। তবে চতুর্থ উইকেট জুটিতে চেজ ও আন্দ্রে ফ্লেচার ৩৬ বলে তোলেন ৫৬ রান, এরপর পঞ্চম উইকেট রোমারিও শেফার্ডকে নিয়ে ২৫ বলে ৬৩ রানের জুটি গড়েন চেজ। তাতেই মূলত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রানের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন চেজ। শেফার্ড করেছেন ১৩ বলে ২৬, ফ্লেচার ১৮ বলে ২৯।

কাল প্রায় ৯ মাস পর দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নেমেছেন আনরিখ নর্কিয়া। ফেরাটা ভালো হয়নি তার। ৪ ওভারে ৪৭ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ছিলেন অভিষিক্ত এনকাবায়োমজি পিটার। ৩২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত