'কথা বলার পালা শেষ, অভিজ্ঞদের এসে দায়িত্ব নিতে হবে'

আপডেট : ২৭ মে ২০২৪, ০১:৪৫ পিএম

জনসন চার্লস পুরনো এক রেকর্ড গড়লেন নতুন করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয় ব্যাটসম্যান খেলেছেন ২৬ বলে ৬৯ রানের রেকর্ড ইনিংস।

আর তাতে প্রোটিয়াদের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেছে ৩৭ বল ও ৮ উইকেট বাকি রেখে—এটিও রেকর্ড ব্যবধান।

এ জয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই করে বিশ্বকাপের প্রস্তুতিটাও বেশ ভালোভাবে সেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

পেসার শামার জোসেফ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি নেন ২টি করে, ৩ ম্যাচ মিলিয়ে ৮ উইকেট পাওয়া মোতি হয়েছেন সিরিজ সেরাও।

দক্ষিণ আফ্রিকা যদি লড়াইয়ের আশা করেও থাকে, পাওয়ারপ্লেতেই কার্যত শেষ হয়ে যায় সেটি। প্রথম ৬ ওভারে ৮৩ রান তোলে ব্র্যান্ডন কিং ও চার্লসের ওপেনিং জুটি। পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজের এর চেয়ে বেশি রানের স্কোর আছে আর মাত্র ৫টি।

এ সিরিজে দুই দলেরই অধিনায়কসহ শীর্ষ সারির বেশ কয়েকজন ছিলেন না আইপিএলে ব্যস্ত থাকায়। এরপরও এমন জয়ে স্বাভাবিকভাবেই খুশি রোভম্যান পাওয়েলের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা কিং, ‘গুরুত্বপূর্ণ জয়। বিশ্বকাপের আগে শেষ সিরিজ। ফলে প্রস্তুতি ও ভালো একটা মোমেন্টাম নিয়ে যেতে পারছি বিশ্বকাপে। আমাদের বোলিং পারফরম্যান্স বেশ ভালো ছিল, ধারাবাহিক ছিলাম। মোতি এবং অন্যরা অবদান রেখেছে। আমাদের মূল খেলোয়াড়দের অনেকেই নেই, (এরপরও এমন জয়) অনেক কিছুই বলে। বিশ্বকাপে অন্যদের সঙ্গে নামতে তর সইছে না।’

ঠিক বিপরীত সুর ফন পার ডুসেনের কণ্ঠে। এইডেন মার্করামের জায়গায় দক্ষিণ আফ্রিকার দায়িত্ব সামলানো এই ব্যাটসম্যান বলেছেন, ‘কথা বলার পালা শেষ, আমাদের আরও অভিজ্ঞ খেলোয়াড়দের এসে দায়িত্ব নিতে হবে। অজুহাত দেওয়ার কিছু নেই। তারা ব্যাটিংয়ে যেভাবে খেলেছে আর বোলিংয়েও যেমন ভালো ছিল, তাতে আসলে আমরা ভড়কে গেছি। আমরা একটা শিক্ষাই পেয়েছি।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত