হামাসের জ্যেষ্ঠ ২ কর্মকর্তা নিহতের দাবি ইসরায়েলের

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:২৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

এক বিবৃতিতে বলা হয়েছে, রাফায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত  হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়া। অন্যজনের পরিচয় জানানো হয়নি। তবে ইসরায়েলি বাহিনীর এমন দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাবুগুলো পুড়ে গেছে। নিহত হয়েছেন নারী, শিশুসহ অন্তত ৪৫ জন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র তাল আস-সুলতানের আশ্রয়শিবিরে এই হামলাকে ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’ বলে সমালোচনা করেছেন।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ মে) যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে  মিসরের রাজধানী কায়রোয় আলোচনা শুরু হতে পারে। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট মিসরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত