ভোলায় রিমালের তাণ্ডবে নিহত ২, পানিবন্দি ১৫ হাজার

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:৪৮ পিএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলায় ঘর চাপা পরে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মনেজা খাতুন ও মাইশা।

গতকাল রবিবার রাতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে ঘর চাপা পড়েন গৃহবধূ মনেজা খাতুন। এছাড়া ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে  দৌলতখান পৌরসভার ২নং ওয়ার্ডে মাইশা নামের এক শিশুর মৃত্যু হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার মেঘনা ও বঙ্গোপসাগর মোহনার পানি স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ১২ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। 

অপরদিকে রিমালের তাণ্ডবে দুই শতাধিক কাচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ। লঞ্চ ও ফেরি বন্ধ থাকায় সারাদেশের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন।

ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেন, ‘ভোলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মুজিব কিল্লায় প্রায় ৩১ হাজার ৩৮০ জন আশ্রয় নিয়েছেন। এছাড়াও প্রায় ৮ হাজার গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পানিবন্দিদের মাঝেও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত