বর্ষা আসার আগেই যমুনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যে বেশ কিছু ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অসময়ে নদীভাঙন থেকে রক্ষা পেতে নদীর পাড়ে বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরনাগদাহ, হাটাইল, আরালিয়া, চরসাড়াশি গ্রাম ও নতুন ভারেঙ্গা ইউনিয়নের লেওলাইপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম যমুনা নদীর তীরে অবস্থিত। জ্যৈষ্ঠের শুরুতেই এসব গ্রামে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। প্রায় দুই সপ্তাহ ধরে ভাঙনে লেওলাইপাড়া গ্রামে অর্ধশত বিঘার মতো ফসলি জমি ও চরসাড়াশি গ্রামে ১৫ থেকে ২০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেকেই।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভারেঙ্গার লেওলাইপাড়া গ্রামের নদীপাড়ের ফসলি জমি কিছু সময় পরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নদীতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজখবর নিলেও ভাঙন ঠেকাতে কোনো কাজ শুরু করেনি। ভাঙনের হুমকিতে রয়েছে এখানকার বিদ্যুৎ সংযোগ স্থাপনা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। দিন কাটছে আতঙ্ক-উৎকণ্ঠায়। চরসাড়াশি ও চরনাগদাহ গ্রামের ভাঙনকবলিত অসহায় মানুষগুলো অন্যত্র চলে যাচ্ছে। অনেকেই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
চরনাগদাহ গ্রামের কৃষক ইমদাদুল হক বলেন, ‘নদী ভাঙনে আমি পাঁচবার বসতভিটাসহ প্রায় দশ বিঘা জমি হারিয়েছি। সপ্তাহখানেক আগে আবারও বসতভিটা হারিয়েছি। আমাদের এ দুর্দিনে কেউ পাশে এসে দাঁড়ায়নি। কোনো সহযোগিতা পাইনি। আমাদের গ্রামের পুরো একটি পাড়া নদীতে চলে গেছে।’
নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ বলেন, ‘দুই সপ্তাহ ধরে আমার ইউনিয়নের লেওলাইপাড়া গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। কয়েক দিনে প্রায় অর্ধশতাধিক ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজ হাতে মাটি ফেলে উদ্বোধন করা মুজিব বাঁধসহ সরকারি স্কুল, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এবং দু-তিনটি গ্রামের কয়েক হাজার বসতবাড়ি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’
পানি উন্নয়ন বোর্ড পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, ‘ইতিমধ্যে বেড়ার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
