টেলর সুইফটের অনুষ্ঠান উপলক্ষ্যে শহরছাড়া হচ্ছেন গৃহহীনরা

আপডেট : ২৯ মে ২০২৪, ১০:০০ পিএম

গত বছরের মে মাস থেকে শুরু হয়েছিল ‘দ্য ইরাস ট্যুর’। ২০২৩ সালের ১৭ মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামের মঞ্চে ওঠেন টেলর সুইফট। তার এই কনসার্ট ট্যুরটি একের পর এক রেকর্ড গড়ছে। গত এক বছরে মেক্সিকো, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন ঘুরে ২৪ ও ২৫ মে সুইফট গেয়েছেন পর্তুগালের লিসবনে। গায়িকার পরের গন্তব্য লন্ডন। আর আগামী মাসে যাবেন স্কটল্যান্ডের এডিনবার্গে।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, টেলর সুইফটের আগামী মাসের এই অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজকরা পর্যটকদের জন্য জায়গা তৈরি করতে এডিনবার্গ থেকে অনেক গৃহহীন মানুষকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শেল্টার স্কটল্যান্ড দাবি করেছে, টেলরের এই অনুষ্ঠান ঘিরে বেশ কিছু গৃহহীন মানুষকে ট্যাক্সির মাধ্যমে অ্যাবারডিন এবং গ্লাসগোতে পাঠানো হয়েছে। এছাড়া বাসস্থানহীন একজনকে নিউক্যাসলের মতো দূরে অস্থায়ী বাসস্থানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

আবাসন দাতব্য সংস্থাটি দাবি করেছে, টেলর সুইফটের অনুষ্ঠান আয়োজনের জন্য গৃহহীন লোকদের সাথে সরাসরি অবিচার করা হয়েছে। তবে এডিনবার্গ সিটি কাউন্সিল জানিয়েছে, তারা গৃহহীনদের জন্য উপযুক্ত বিকল্প বাসস্থান খুঁজে পেতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কাজ করছে।

জানা গেছে, আগামী মাসে এডিনবার্গের মারেফিল্ড স্টেডিয়ামে তিন রাত পারফর্ম করবেন টেলর সুইফট। তার এই অনুষ্ঠান উপলক্ষ্যে হাজার হাজার ভক্ত এডিনবার্গ শহরে আসবে। আর তাদের থাকার জন্য হোটেল কক্ষ পেতে ইতোমধ্যেই তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত