সরকারের তদবীরও ব্যর্থ, বিশ্বকাপ খেলাই হচ্ছে না লামিচানের

আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:৩৮ পিএম

ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন সন্দীপ লামিচানে। তারপর নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয় তার। কিন্তু ভিসা না পাওয়ায় থমকে যায় তার স্বপ্নের বিশ্বকাপ যাত্রা। নেপালের সাবেক অধিনায়কের ভিসার জন্য তদবীর করে খোঁদ সরকার। তবে সেটাও ব্যর্থ হয়েছে। ফলে লামিচানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর কোনো সম্ভাবনা নেই বললেও চলে।

শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লামা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এখন তার বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম অথবা নেই বললেই চলে।’

তিনি আরও বলেন, ‘নেপাল সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল তদবির করেছে। তবে ভিসা নাকচ করা হয়েছে।’

গত ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লামিচানে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা চাইলেও নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস সেটি নাকচ করে দিয়েছে। এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সাবেক এই অধিনায়ক নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশও করেন।

তবে লামিচানেকে পাওয়ার আশা এরপরও ছাড়েনি নেপাল। কদিন আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ নেপাল সরকারের মাধ্যমে লামিচানের ভিসার জন্য দূতাবাসে তদবির চালিয়ে যাওয়ার কথা জানান।

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর গত জানুয়ারিতে ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আপিল করার পর ১৫ মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে। তার আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা হলেও নেপাল ক্রিকেটের দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়, লামিচানেকে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত