উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে মুখরিত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা, হাট-বাজারে ঝুলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি ও মার্কা সংবলিত ব্যানার ও পোস্টার। এ ছাড়া গানের তালে তালে মাইকে চলছে ভোটারদের মন আকর্ষণের চেষ্টা। ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে। কর্মী-সমর্থকদের নিয়ে দলবেঁধে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চাইছেন ভোট, দোয়া ও আর্শীবাদ। নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা।
এদিকে নির্বাচনী প্রচারণায় ভিন্নতা এনে সোশ্যাল মিডিয়ায়ও সরব প্রার্থী ও তার সমর্থকরা। ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনী লিফলেট ও স্ট্যাটাস দিয়ে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে প্রবাসীদের দৃষ্টি কাড়ছে তাদের প্রচার।
৫ জুন এ উপজেলা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মতাদর্শের প্রার্থীরা লড়ছেন নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ায় এরই মধ্যে তিনজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) উপজেলার চরইসলামপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, ‘গত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে আপনাদের মূল্যবান ভোটে আমি জয়লাভ করেছিলাম। এবারও সব শ্রেণি-পেশার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। আমি আশাবাদী এ উপজেলার ভোটাররা পুনরায় বিশাল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।’ অন্য প্রার্থীরাও নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
এদিকে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে বসে নেই সমর্থক, স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীরা। রোদ-বৃষ্টি ও তীব্র গরম সবকিছু উপেক্ষা করে ভোটের মাঠে দাঁপিয়ে বেড়াচ্ছেন তারা। প্রার্থী ও সমর্থকদের এমন তৎপরতায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সাধারণ ভোটারদের ভাষ্য, যোগ্য দক্ষ ও মানবতার কল্যাণে ও উপজেলার সার্বিক উন্নয়ন এবং দাঙ্গামুক্ত ও নিরাপদ উপজেলা বজায় রাখতে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখবেন আমরা সেই প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করব।
