হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থি ১৪ আন্দোলনকারী দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হংকং হাইকোর্টের দেওয়া এ রায়ে আরও দুই আন্দোলনকারী খালাস পেয়েছেন। বিবাদীদের বিরুদ্ধে হংকং সরকারকে পঙ্গু করে দেওয়ায় ‘ঘৃণ্য ষড়যন্ত্র’ও ২০২০ সালের জুলাইয়ে নগরব্যাপী নির্বাচনে এক অনানুষ্ঠানিক আগাম-বাছাইয়ের মাধ্যমে নগরীর নেতাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। গণতন্ত্রপন্থিদের দাবি, হংকংয়ের আইনসভায় ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে শক্তিশালী প্রার্থী বাছাই করার একটি অনানুষ্ঠানিক প্রচেষ্টা ছিল সেটি। ২০১৯ সালে বেইজিং হংকংয়ের জন্য কঠোর নিরাপত্তা আইন করার পরিকল্পনা নিলে গণতন্ত্রপন্থিরা নগরীটি জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু করে। তাদের অভিযোগ ছিল, ১৯৯৭ সালে ব্রিটেন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার সময় যে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছিল এই আইন তার লঙ্ঘন।
×
