সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণ নূতন বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক হাফিজ কাজী মশহুদ আহমদের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে মাদ্রাসার হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (ছাতক-দোয়ারাবাজার) মহিবুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান মানিক বলেন, আজকে যার বিদায় সংবর্ধনায় এসেছি তিনি এ মাদ্রাসার একজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক। তিনি আমার ভাই। আমার ভাই বলে প্রশংসা করছি না। তিনি আসলেই একজন ভাল মানুষ। মশহুদ আহমদ নিজের কাজের জন্য কখনও আমাকে কিছু বলেননি। তবে মাদ্রাসার উন্নয়নের জন্য তিনি বারবার আমার কাছে যেতেন। ওনার (মশহুদ আহমদ) সন্তানরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশে এবং বিদেশে কাজ করছে। ওনি (মশহুদ আহমদ) এখন অবসরে যাচ্ছেন কিন্তু তিনি এই এলাকারই সন্তান। আশা করি সুবিধাজনক সময়ে এখনও তিনি মাদ্রাসার জন্য কাজ করবেন।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, আপনারা যেহেতু এই মাদ্রাসাকে আলিম পর্যায়ে উন্নতি করতে চান সে জন্য সচিব বরাবর একটি আবেদন দেন আমি সেটি দেখব। সরকারের যদি কোনো জটিলতা না থাকে তা হলে আমি এটি দ্রুত সময়ের মধ্যে পাশ করিয়ে নিয়ে আসবও। আপনাদের ভবনের কাজ কেন দেরি হচ্ছে আমি এ ব্যাপারে আগামীকালই খোঁজ নিব।
আপনারা আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন আমি এর প্রতিদান সবসময় দেয়ার চেষ্টা করেছি। এই এলাকার যত অসমাপ্ত কাজ রয়েছে সব কাজ যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সে লক্ষ্য নিয়েই আমি কাজ করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ। এ ছাড়াও বক্তব্য রাখেন ছাতক উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী মাও.আব্দুস সামাদ, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন, অ্যাভোকেট শামসুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান তাজুল প্রমুখ।
এ সময় শিক্ষক হাফিজ কাজী মশহুদ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্য উপদেশ মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন তোমরা আমার প্রাণপ্রিয় ছাত্র। আমি সব সময় চেষ্টা করেছি তোমাদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। আমি আগামীকাল কি পড়াবো সেটা রাতেই চিন্তা করে রাখতাম। তোমাদের কাছে আমার একটাই দাবি এবং অনুরোধ তোমরা সুনাগরিক হয়ে এ মাদ্রাসা থেকে বের হবে। একইসঙ্গে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।
মাদ্রাসার শিক্ষক ইমাদ উদ্দিনের সঞ্চালনায় ও মাদ্রাসার গভনিং বডির সভাপতি আরশ আলী খান ভাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবু তৈয়ব মোহাম্মদ শামসুন নূর। এ সময় মাদ্রাসার শিক্ষক, এলাকার বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
