ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী সমর্থনে প্রচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রো গাড়ির ড্রাইভারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নে আলাদাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিকাল ৪ ঘটিকায় মির্জাপুরস্থ নির্বাচনী অস্থায়ী প্রচারণার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাছিমা মুকাই আলীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, নাছিমা মুকাই আলীর নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা আজকেও আমাদের গাড়িতে হামলা চালিয়ে আমার ড্রাইভারকে আহত করা হয়।
তিনি বলেন, প্রচার কাজে ব্যবহৃত গাড়িটি আমাকে শ্রীপুর নামিয়ে গ্যাস নেওয়ার জন্য চান্দুরা পাম্পের দিকে যান। গাড়িতে গ্যাস ঢুকিয়ে ফেরার পথে চান্দুরা ইউনিয়নের কালিসীমা ও আলাদাউদপুরের মধ্যস্থলে রাস্তার মধ্যে কয়েকটা মোটরসাইকেল বহনকারী দুষ্কৃতিরা আমার ড্রাইভার ফাহিমকে জিজ্ঞেস করেন, হেলাল উদ্দিনকে কোথায় রেখে আসছিস। আমার ড্রাইভার উত্তর না দেওয়াতে তার উপর অতর্কিত হামলা চালায়। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমার ধারণা আমাদের ঘোড়া মার্কার গণজোয়ারের চিত্র দেখে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এই হামলার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামি ৫ জুন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উপহার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
