হাতে ৬ সেলাই, প্রথম ম্যাচে শরিফুলের খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ০২ জুন ২০২৪, ০১:২৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পেসার শরিফুল ইসলামের খেলা নিয়ে আছে শঙ্কা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়া শরিফুলের হাতে লেগেছে ছয়টি সেলাই।

বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। বলছেন, 'শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরিফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।'

তার মাঠে ফেরার সময়ট এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, 'ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে। দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।'

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন, ডালাসের শ্রীলঙ্কা বিপক্ষে।

শনিবার প্রস্তুতি ম্যাচে ভারত ৬০ রানে হারায় বাংলাদেশকে। ভারতের বিপক্ষে ৩.৫ ওভারে শরীফুল এক উইকেট নেন ২৬ রান দেন। নিজের কোটার শেষ বলটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতেই চোট পান শরিফুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত